
দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবার পসরা সাজাবে। পাশাপাশি নতুনদের জন্য থাকবে নানা পরামর্শ ও দিক নির্দেশনা।আগামী শুক্রবার রাজধানীর ফার্মগেটের এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে বসছে সেই সম্মেলন।মূলত অনলাইনে উদ্যোক্তা তৈরির গ্রুপ, ‘চাকরি খুঁজবো না, চাকরি দেব’র ধারাবাহিক আয়োজন এটি। আগে এটি উদ্যোক্তা হাট নামে হতো।স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও আইপিডিসি ফিন্যান্সের যৌথ উদ্যোগে উদ্যোক্তা সামিটটি অনুষ্ঠিত হবে। যেখানে অনলাইন ব্যবহার করে ব্যবসা শুরু করা তরুণ উদ্যোক্তারা অংশ নেবেন। শুক্রবার থেকে অন্তত ৩৫টি স্টলে পণ্যের পসরা সাজাবেন তারা।আইপিডিসি উদ্যোক্তা সামিটের আয়োজন সম্পর্কে জানাতে বুধবার সংবাদ সম্মেলন করেছে আয়োজকরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার সকালে উদ্যোক্তা সামিটের উদ্বোধন করবেন জাতীয় অধ্যাপক ও এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপাচার্য জামিলুর রেজা চৌধুরী। সম্মেলনে ১১টি সেশন ও চারটি কর্মশালা হবে। যেখানে উদ্যেক্তারা তাদের পণ্য ও সেবা তুলে ধরার সুযোগ পাবেন।
বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, আমার উদ্যোক্তাদের একটা প্লাটফর্ম দিয়ে সহায়তা করি। এর প্রধান উদ্দেশ্য দেশে একটা উদ্যোক্তাবান্ধব পরিবেশ তৈরি করা।
এখন শুধু ঢাকাতে হলেও সামনের বছরের শুরুর দিকে রংপুর ও চট্টগ্রামে এমন আয়োজন করার পরিকল্পনার কথাও জানান তিনি।
‘উদ্যোগে অগ্রগামী, উচ্ছ্বাসে একত্রে’ স্লোগান নিয়ে শুরু হতে যাওয়া সামিটে বিভিন্ন কর্মশালা ও সেশনে অংশ নেবেন ৪৫ উদ্যোক্তা, পেশাজীবী, শিক্ষাবিদ, বিশেষজ্ঞ। থাকবে বিনিয়োগকারীদের সামনে নিজেদের চিন্তা তুলে ধরার সুযোগ।
সংবাদ সম্মেলনে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইশফাক এলাহী চৌধুরী বলেন, আমরা সবাই মিলে উদ্যোক্তাদের জন্য ভালো পরিবেশ তৈরি করতে পারলে দেশে বেকারত্বের পরিমাণ কমিয়ে আনা সম্ভব হবে। আমাদের পক্ষ থেকে যতোটা সহায়তা করা যায় তা অব্যাহত থাকবে।
আইপিডিসি ফিন্যান্সের সিনিয়র এক্সিকিউটিভ ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন মিডিয়া, আফিফা সুলতানা বলেন, আমরা সবসময় তরুণ উদ্যোক্তাদের সহায়তা করি। এমন আয়োজনে অনেক ধরনের উদ্যোক্তাদের সঙ্গে আমরা পরিচিত হবার সুযোগ পাবো।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজি এম আমিনুল ইসলাম ও আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক মোমিনুল ইসলাম।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সারওয়ার রাজ্জাক চৌধুরী, ছাত্রকল্যাণের সহকারী পরিচালক তারেক খানসহ আরও অনেকে।
এবারের আয়োজনের মূল পৃষ্ঠপোষক আইপিডিসি ফিন্যান্স। পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ক্রিয়েটিভ আইটি, ওয়ালেটমার্ট, ইগলু আইসক্রিম, বারকোড রেস্তোরা গ্রুপ ও এম্বার আইটি।
এছাড়াও সহযোগী হিসেবে রয়েছে তথ্যপ্রযুক্তি ভিত্তিক নিউজ পোর্টাল টেকশহরডটকম, প্রথম আলো, ডেইলি স্টার, নাগরিক টিভি, ঢাকা এফএম।
পার্টনার হিসেবে রয়েছে বাক্য, আইএসপিএবি, বিওয়াইএলসি, জিরো ডিগ্রি কমিউনিকেশন, ভার্চুয়ানিক ও ব্র্যান্ডগিয়ার।
তথ্য সুত্র: টেকশহর
Post a Comment