অনেক আগে থেকেই ভারতের বাজারকে গুরুত্ব দিয়ে আসছে গুগল। এবার পরিবহণ খাতের এক অ্যাপ কিনে নিয়েছে প্রতিষ্ঠানটি।
‘হয়ার ইজ মাই ট্রেন’ বা আমার ট্রেন কোথায় নামের অ্যাপটি কেনার কথা নিশ্চিত করেছে সার্চ জায়ান্টটি।
অ্যাপটিতে অন্তত এক কোটি নিবন্ধিত ব্যবহারকারী রয়েছেন। এটি ব্যবহারকারীদের দেশটির কমিউটার ট্রেন স্টেশন ছাড়া ও পৌঁছানোর সময়গুলো ট্র্যাক করতে সক্ষম। এমনকি এটি দিয়ে আসনও কেনা যায়।
ভারতে প্রতিদিন অন্তত ১৪ হাজার ট্রেন চলাচল করে। যার নিয়ন্ত্রণ করা খুবই কঠিন কাজ। আর এই অ্যাপে সেগুলোর খবরা-খবর পাওয়া যায়।
অ্যাপটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনের জন্যই তৈরি করা। এটি অফলাইনেও কাজ করে। এমনকি এটি একেবারে দুর্বল ইন্টারনেটেও ব্যবহার করতে পারেন ব্যবহারকারীরা। আর আটটি ভাষায় ব্যবহার করা যায় অ্যাপটি।
অ্যাপটি কিনতে কত টাকা খরচ করতে হলো গুগলকে তা কেউই জানায়নি। যদিও ইকোনোমিক টাইমস বলছে, এর জন্য গুগলকে গুণতে হয়েছে তিন থেকে চার কোটি মার্কিন ডলার।
গত আগস্টেই অ্যাপটি কেনার জন্য তোড়জোড় শুরু করেছিল গুগল। এমনকি এটি কিনতে তখনই তারা সব প্রক্রিয়া এগিয়েছিল বলে খবর প্রকাশ করেছে মাধ্যমটি।
গুগলের এক মুখপাত্র টেক ক্র্যাঞ্চকে অ্যাপটি কেনার ব্যাপারে নিশ্চিত করেছে। তবে কত দামে কিনেছে তা বলেনি।
অ্যাপটি তৈরি ও উন্নয়ন করেছে ভারতের সিগমন্ড ল্যাব নামে,র এক প্রতিষ্ঠান। ২০১৩ সালে টিভোর সাবেক তিন কর্মী সেটি তৈরি করেন। এখন প্রতিষ্ঠানটিতে মাত্র ১০ কর্মী কাজ করেন।
প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে জানায়, আমরা ব্যবহারকারীদের জন্য আরও ভালো এবং বেশি সুযোগ সুবিধা দেবার চেষ্টা করছিলাম। কিন্তু অনেক সীমাবদ্ধতার জন্য আমরা তা পারছিলাম না। এবার গুগলের সঙ্গে আমরা তা দিতে পারবো বলে বিশ্বাস করি।
গুগল আরও তথ্য এবং আরও উন্নত প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের উন্নত সুবিধা দেবে বলে জানান কোম্পানির এক প্রতিষ্ঠাতা।
তথ্য সুত্র: টেকশহর
<

Post a Comment