
২০১৮ সাল ফেসবুকের জন্য ছিল একটি বিপর্যয়কর বছর। যার বড় ধরনের প্রভাব পড়েছে বিশ্বের সবচেয়ে বড় এই সোশ্যাল সাইটটির সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের সম্পদের ওপর, মোট সম্পদ থেকে কোটি কোটি ডলার হারিয়েছেন তিনি।
বছরের শুরুটা জাকারবার্গের হয়েছিল প্রায় ৭৫ বিলিয়ন ডলার সম্পদের মালিকানা নিয়ে। তবে ব্লুমবার্গের বিলিয়নিয়ার তালিকায় দেখা গেছে, গত সোমবার জাকারবার্গের সম্পদের মূল্য ছিল ৫৬ বিলিয়ন ডলার। ১৯ বিলিয়ন ডলার সম্পদ কমেছে জাকারবার্গের।
ফেসবুকের ১৩ শতাংশ শেয়ারের মালিক জাকারবার্গ। যা এ বছর কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি, ফেসবুক অপব্যবহারের অভিযোগ, শেয়ারহোল্ডার বিদ্রোহ এবং বিতর্কিত সেবাগুলোর কারণে সংকটের মুখে পড়েছে।

গত ২৫ জুলাই, বছরের দ্বিতীয় প্রান্তিকের অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত ফেসবুকের আয়ের হতাশাজনক ফলাফল প্রকাশের পর, শেয়ার বাজারে ফেসুবকের শেয়ার দর এক ধাক্কায় ২০ শতাংশের নিচে নেমে এসেছিল। মার্কিন ইতিহাসে এখন পর্যন্ত একদিনে কোনো সংস্থার এটিই সর্বোচ্চ ক্ষতি। যা পরিষ্কারভাবেই জাকারবার্গের মোট সম্পদ ব্যাপক কমিয়েছে।
গত ২৫ নভেম্বর, স্টকের সর্বনিম্ন পয়েন্টে জাকারবার্গের সম্পদ মোট মূল্য প্রায় ৫২ বিলিয়ন ডলার ছিল। বর্তমানে ফেসবুকের শেয়ারের মূল্য সামান্য বেড়েছে। টাইম ম্যাগাজিনের মানি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, বছর শেষে জাকারবার্গের মোট সম্পদ ১৫ বিলিয়ন মার্কিন ডলার হ্রাস পেতে পারে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘যদি সত্যিই তা ঘটে তাহলে এ বছরে বিশ্বের শীর্ষ ৫০০জন ধনীর মধ্যে ২০১৮ সালে সবচেয়ে বেশি সম্পদ হ্রাস পাওয়া ব্যক্তি হবেন জাকারবার্গ।’
তথ্যসূত্র : বিজনেস ইনসাইডার
Post a Comment