
গ্রুপ চ্যাট মানেই দারুন সুবিধা। গ্রুপ চ্যাটে অর্ন্তভুক্ত প্রত্যেকেই প্রত্যেকের কথোপকথন দেখতে পায়। কিন্তু দেখা যায় প্রায়ই এমন সময় আসে যে, গ্রুপের নির্দিষ্ট একজনকে কিছু জানানোর প্রয়োজন পড়ে। অথচ গ্রুপ চ্যাটে এই গোপনীয়তার কোনো সুযোগ নেই। গ্রুপ চ্যাট মানেই গ্রুপের সকল সদস্যের মধ্যে উন্মুক্ত কথোপকথন।
তবে এবার অভিনব উপায়ে গ্রুপ চ্যাট করা যাবে হোয়াটঅ্যাপে। মানে, গ্রুপ চ্যাটের মধ্যেই আপনি নির্দিষ্ট কাউকে কিছু জানাতে পারবেন, যা গ্রুপের অর্ন্তভুক্ত অন্য কেউ জানতে পারবে না। ‘রিপ্লে প্রাইভেটলি’ নামক ফিচারের মাধ্যমে এ সুবিধা পাওয়া যাবে।
হোয়াটসঅ্যাপ কোন কোন নতুন ফিচার আনতে যাচ্ছে, সেদিকে বরাবরই আগেভাগে নজর রাখে ওয়াবেটাইনফো নামের ওয়েবসাইট। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা ভার্সনে ‘রিপ্লে প্রাইভেটলি’ ফিচার দেখা গেছে বলে জানিয়েছে ওয়েবসাইটটি।
‘রিপ্লে প্রাইভেটলি’ নাম থেকেই বোঝা যাচ্ছে এর কাজ। আপনি হোয়াটসঅ্যাপে গ্রুপ চ্যাটে ব্যক্তিগতভাবে কোনো মেসেজের উত্তর দিতে পারবেন, যা গ্রুপের অন্যান্যরা জানতে পারবে না। গ্রুপ চ্যাটে যে মেসেজের উত্তর ব্যক্তিগতভাবে দিতে চাচ্ছেন, সেই মেসেজটি চেপে ধরে রাখলে ‘রিপ্লে প্রাইভেটলি’ নামক নতুন অপশন চলে আসবে। অপশনটিতে ক্লিক করা মাত্রই ব্যক্তিগত কথোপকথনের জন্য প্রাইভেট চ্যাট উইন্ডো খুলবে।
ওয়াবেটাইনফো ধারণা করছে, হোয়াটসঅ্যাপ তাদের ২.১৮.৩৩৬ অথবা ২.১৮.৩৩৭ ভার্সনে নতুন এই ফিচার যুক্ত করতে পারে।
তথ্যসূত্র : মিরর
Post a Comment