
ভুয়া লাইক, কমেন্ট ও ফলোয়ার মুছে ফেলার উদ্যোগ নিয়েছে ইনস্টাগ্রাম।ব্যবহারের শর্ত না মেনে, থার্ড পার্টির সেবা নিয়ে অনৈতিকভাবে এঙ্গেজমেন্ট বাড়ালে তা সরিয়ে ফেলবে ফটো শেয়ারিং অ্যাপটি।এ জন্য সোমবার নিজেদের নীতিমালায় কিছু পরিবর্তন এনেছে ফেইসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠানটি।ইনস্টাগ্রামে যাদের কোটি কোটি ফলোয়ার তারা পরিচিত ইনফ্লুয়েন্সার হিসেবে।
তারাই সাধারণত বড় ব্র্যান্ডের প্রচারণায় অংশ নিয়ে থাকেন। পণ্যের গুনগান করাকে বিশ্বাসযোগ্য করে তুলতে ইনস্টাগ্রাম বেছে নিচ্ছে ন্যানো-ইনফ্লুয়েন্সারদের।যাদের ফলোয়ার সংখ্যা সর্বনিম্ন এক হাজার তারাই এ নামে পরিচিত। শ্যাম্পু, তেল বা ফার্নিচার নিয়ে কিছু বলার বিনিময়ে তাদেরকে ফ্রি পণ্য কিংবা নামমাত্র কমিশন দেয় ব্র্যান্ডগুলো।
ন্যানো-ইনফ্লুয়েন্সাররা যা পান তাতেই খুশি থাকেন বলে ব্র্যান্ডগুলো এ ধরণের প্রচারণায় আগ্রহী হচ্ছে। কিন্তু এতে থার্ড পার্টি অ্যাপের সহায়তায় ফলোয়ার বা পোস্টের লাইক সংখ্যা রাতারাতি বাড়ানোর হিড়িক পরে গেছে।এ ব্যাপারে ইনস্টাগ্রাম জানিয়েছে, কোনো অ্যাকাউন্ট থার্ড পার্টির সহায়তায় জনপ্রিয়তা বাড়িয়েছে কিনা তা শনাক্ত করতে মেশিন লার্নিং-পাওয়ার মডারেশন টুল তৈরি করা হয়েছে।এ টুলের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে লাইক, কমেন্ট ও ফলোয়ার মুছে ফেলে অ্যাকাউন্টের মালিককে তা নোটিফিকেশন দিয়ে জানানো হবে।
কোনো থার্ড পার্টি অ্যাপ অ্যাকাউন্টের নিরাপত্তা লঙ্ঘন করলে পাসওয়ার্ড পরিবর্তনেরও পরামর্শ দেওয়া হবে।এর আগে ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযান চালালেও এখন ভুয়া লাইকের ব্যাপারেও কঠোর হচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি। সামনের মাসগুলোতে ভুয়া কার্যক্রমের ব্যাপারে তারা আরও কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানা গেছে।
Post a Comment