
অফিশিয়ালি বন্ধ ঘোষণা করা হয়েছে গুগলের ম্যাসেজিং অ্যাপ অ্যালো। আগামী মার্চ পর্যন্ত ব্যবহারকারীরা নিজেদের চ্যাট হিস্ট্রি সংরক্ষণে রাখার সময় পাবেন। এরপরেই পুরোপুরি বন্ধ হয়ে যাবে অ্যাপটি।সেবাটি বন্ধ করার পাশাপাশি গুগল যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ কোম্পানি ভ্যারিজনের সঙ্গে মিলে অ্যান্ড্রয়েড ম্যাসেজেসে নতুন রিচ কমিউনিকেশন সার্ভিস (আরসিএস) সেবা চালু করেছে। বৃহস্পতিবার থেকে ফিচারটি শুধু পিক্সেল ৩ ও পিক্সেল ৩ এক্সএল ফোনের মালিকরা ব্যবহার করতে পারবেন।অ্যান্ড্রয়েডের ম্যাসেজিং সেবার বিভিন্ন মাধ্যমকে একত্রে নিয়ে আসতেই নতুন সেবাটি চালু করতে যাচ্ছে গুগল।আরসিএস চ্যাট আদৌ কোনো অ্যাপ বা রিডিজাইন করা কোনো ম্যাসেজিং অ্যাপ নয়। এটি হচ্ছে ক্যারিয়ারভিত্তিক সেবা যা ‘ইউনিভার্সাল প্রোফাইল ফর রিচ কমিউনিকেশন সার্ভিস’ এর ওপরে ভিত্তি করে বানানো হয়েছে।
নতুন প্রযুক্তিটিকে এসএমএসের আধুনিকায়ন হিসেবেই ধরে নেওয়া হচ্ছে। কারণ ফরম্যাটটি ফুল রেজুলেশনের ফটো, ভিডিও, টেক্সট, বড় আকারের ফাইল ও গ্রুপ চ্যাট সমর্থন করবে।অ্যালো বন্ধ হওয়ার খবরটি মোটেও অপ্রত্যাশিত কিছু নয়। কারণ গত এপ্রিলেই গুগল ঘোষণা দেয় অ্যাপটির কোনো আপডেট ও উন্নয়নে আর বিনিয়োগ করা হবে না।
২০১৬ সালে অ্যাপটি উন্মোচন করা হয়েছিল। অন্য ম্যাসেজিং অ্যাপগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা হয়েছিল গুগল অ্যালোতে। কিন্তু প্রথম দিকে কিছুটা জনপ্রিয় হয়ে উঠলেও সময়ের ব্যবধানে এটি আড়ালে পরে যায়। সেই সঙ্গে জনপ্রিয়তাও হারাতে থাকে।এদিকে, জনপ্রিয়তার অভাবে ধুকতে থাকা ম্যাসেজিং সেবা গুগল হ্যাংআউটসও বন্ধ করে দেওয়া হচ্ছে। গুগল এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে সংবাদ মাধ্যম নাইনটুগুগল জানিয়েছে, ২০২০ সালে সেবাটি বন্ধ করে দেবে গুগল।
তথ্য সুত্র: টেকশহর
Post a Comment