এই টি২০ওষুধপত্র ছাড়াই ভাল রাখবে চোখ


এও এক ২০-২০। তবে এর সঙ্গে ক্রিকেটের কোনও সম্পর্ক নেই। বরং সহজ এই উপায় বাঁচিয়ে দেবে আপনার চোখ!
আজ্ঞে হ্যাঁ, চিকিৎসকরা অন্তত সে আশ্বাসই দিচ্ছেন। দীর্ঘ ক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থাকা বা ট্যাব-কম্পিউটারের স্ক্রিনে চোখ রাখা, এ আমাদের কর্মব্যস্ত জীবনের অন্যতম অঙ্গ। কাজ ছাড়াও গেমস ও নানা সোশ্যাল সাইটে মন দিতে গিয়েও অনেকটা সময় মোবাইলের দিকে তাকিয়ে থাকেন অনেকেই। প্রযুক্তির যুগে শিশুরাও এই ‘রোগ’-এর শিকার।
এত ক্ষণ একটানা মোবাইল, কম্পিউটার বা ট্যাবে সময় কাটানোর ফলে তা অবধারিত ভাবে চোখের ক্ষতি করছে। চিকিৎসকদের বিভিন্ন সচেতনতা, নানা নিষেধের পরেও আধুনিক জীবনে প্রযুক্তির এই হাতছানি রুখতে পারিনি আমরা। তার ফলে চোখের অসুখ বেড়েছে অনেকটাই।
মোবাইলে আটকে শিশুদের চোখ। ছবি: শাটারস্টক।

তবে চিকিৎসকদের মতে, সহজ একটি উপায় মানলে দীর্ঘ ক্ষণ কম্পিউটার, ট্যাব বা মোবাইল ব্যবহারের পরেও ভাল থাকবে চোখ। এই পদ্ধতিতে চোখের উপর চাপ পড়াও নিয়ন্ত্রণ করা যাবে। চিকিৎসাবিজ্ঞান এই উপায়কে ‘২০-২০’ নামে ডাকে। ‘‘দৃষ্টিশক্তি ভাল রাখতে প্রয়োজনীয় খাবার, কিছু ব্যায়াম এ সব করাটা আধুনিক জীবনযাত্রায় খুবই প্রয়োজনীয়। সঙ্গে এই উপায় অবলম্বন করলে চোখের উপর অহেতুক চাপ পড়া, মাথা যন্ত্রণা, চোখ জ্বালা, চোখ থেকে জল পড়ার মতো প্রতি দিনের নানা সমস্যাকে সরানো তো যায়ই, সঙ্গে ঝাপসা দৃষ্টিশক্তি থেকেও দূরে থাকা যায়।’’— জানালেন চক্ষুবিশেষজ্ঞ বি.কে. বৈদ্য।
কিন্তু কী এই ২০-২০ উপায়? চিকিৎসকদের মতে, একটানা মোবাইল, কম্পিউটার বা ট্যাব ব্যবহারের সময় প্রতি ২০ মিনিট অন্তর স্ক্রিন থেকে চোখ সরিয়ে ২০ ফুট দূরের কোনও বস্তুতে ২০ সেকেন্ডের জন্য চোখ রাখুন। এতে চোখ আরাম পাবে। স্ক্রিন থেকে আসা আলো চোখের যে ক্ষতি করে তাকেও অনেকটা রুখে দেবে এই নিয়ম।

সুতরাং, আজ থেকেই রপ্ত করুন এই অভ্যাস আর ভাল রাখুন চোখকে।
তথ্য সুত্র: আনন্দবাজার

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates