
এশিয়া প্যাসিফিক অঞ্চলে ডিজিটাল প্ল্যাটফর্মে সাংবাদিকতার মান উন্নয়নের উদ্যোগ নিয়েছে সার্চ জায়ান্ট গুগল। এ জন্য চ্যালেঞ্জপূর্ণ নতুন নতুন উদ্ভাবনী প্রকল্পে অর্থায়নের ঘোষণা দিয়েছে দ্য এশিয়া প্যাসিফিক গুগল নিউজ ইনিসিয়েটিভ বা জিএনআই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সংবাদ পরিবেশনায় নির্বাচিত প্রকল্প প্রস্তাবের জন্য তারা তিন লাখ ডলার পুরস্কার দেবে। একইসঙ্গে পুরো প্রকল্প বাস্তবায়ন খরচের ৭০ শতাংশও বহন করবে জিএনআই।বৃহস্পতিবার বিবৃতিতে গুগল নিউজ নতুন উদ্ভাবনী প্রকল্পের জন্য প্রস্তাব আহ্বান করে। ২৮ নভেম্বর থেকে প্রকল্প প্রস্তাব নেওয়া শুরু হবে। চলবে ৯ জানুয়ারি পর্যন্ত।বিবৃতিতে বলা হয়েছে, পাঠকের কাছ থেকে আরও রেভিন্যু আদায়ে নতুন প্রস্তাব আহ্বান করা হচ্ছে। এর মধ্যে সাবস্ক্রিপসন, প্রোগ্রাম, কন্ট্রিবিউসন অথবা নতুন ডিজিটাল পণ্য এবং সেবা অন্তর্ভূক্ত রয়েছে।
গুগল নিউজের বার্তা প্রধান কেট বেডডো বলেন, বিশেষজ্ঞ প্যানেল ও অন্যান্য টেক ইন্ডাস্ট্রির কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কমিটি জমা পড়া প্রকল্প প্রস্তাবগুলো থেকে সেরা কিছু প্রস্তাব বাছাই করবেন। গুগল সূত্র জানায়, ডিজিটাল সময়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোয় সাংবাদিকতার মান আরও কিভাবে বাড়ানো যায় তা নিয়ে দীর্ঘদিন আলোচনা চলছে। গুগল কর্তৃপক্ষ সাংবাদিক ও প্রকাশকদের সঙ্গে বৈঠকও করেছে। প্রতিষ্ঠানটি বলছে, সংবাদ প্রকাশে একটি নতুন ব্যবসায়ীক মডেল দাঁড় করাতে ইয়াঙ্গুন থেকে ম্যানিলা, সিডনি থেকে দিল্লি পর্যন্ত সব জায়গাতেই তারা নানারকম পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে।
অবশ্য অন্যান্য গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, খবর পড়ার জন্য কর ধার্য করা নিয়ে ইউরোপীয় ইউনিয়নভূক্ত বেশ কয়েকটি দেশে আলাপ-আলোচনা চলছে। এমনটি হলে ইইউ অঞ্চল থেকে গুগল তার নিউজ সার্ভিস সরিয়ে নিতে পারে। তাই নতুন বাজার ধরতে প্রতিষ্ঠানটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দিকে মনোযোগ দিয়েছে। তথ্য সুত্র: টেকশহর
Post a Comment