
স্যামসাং সামনের বছরের প্রথম দিকেই বাজারে ছাড়বে তাদের বহুল প্রতীক্ষিত ফোল্ডেবল গ্যালাক্সি এফ স্মার্টফোন। ফোনটি আর দশটি ফোনের মতো অবশ্যই নয়। তাই এর দামটাও একটু চড়া হবে।
অনেকেই আগে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলেছে, ফোনটির দাম হতে পারে সর্বোচ্চ লাখ দেড়েক টাকা। কিন্তু এই খবরে ওই দামগুলোকে বুড়ো আঙুল দেখাচ্ছে।
গিজমোডো নামের এক সংবাদমাধ্যম এবার ফোনটির দাম অনুমান করে বলেছে, তার দাম হতে পারে আইফোন এক্সএস ম্যাক্সের চেয়েও বেশি।
যদিও অফিসিয়ালি এখনো স্যামসাং ফোনটির নাম ও দাম সম্পর্কে কিছু জানায়নি। তবে সেই মাধ্যমে খবরে এটা বলা হচ্ছে, ফোল্ডেবল সেই স্মার্টফোনের দাম হতে পারে দেড় হাজার থেকে দুই হাজার ব্রিটিশ পাউন্ড। যা টাকার অংকে এক লাখ ৬২ হাজার থেকে দুই লাখ ২২ হাজার টাকার মতো। যেখানে আইফোন এক্সএস ম্যাক্সের দাম এক লাখ ২২ হাজার টাকার মতো।
তবে স্যামসাংয়ের ওই ফোল্ডেবল স্মার্টফোনের বিভিন্ন সংস্করণ থাকবে। প্রতিষ্ঠানটি ২০১৯ সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফোনটির উন্মোচন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত ৭ নভেম্বর সানফ্রান্সিসকোতে স্যামসাংয়ের ডেভেলপার সম্মেলনে দেখা মিলেছে জনপ্রিয় ব্র্যান্ডটির ফোল্ডেবল ফোনের। এতে এক সঙ্গে ব্যবহার করা যাবে তিন অ্যাপ।
ফোল্ডেবল ডিভাইসটি ভাঁজ করা অবস্থায় পকেটে রাখা যাবে। ভাঁজ অবস্থায় এটি ৪.৬ ইঞ্চি এবং তা মেলে ধরলে ৭ দশমিক ৪ ইঞ্চির ডিসপ্লেতে পরিণত হবে।
তারও আগে গত ১ নভেম্বর ফ্লেক্সপাই নামে একটি ফোল্ডেবল ফোন উন্মোচন করে প্রযুক্তি বিশ্বে আলোড়ন সৃষ্টি করে চীনা প্রতিষ্ঠান রয়োল। যাকে বিশ্বের প্রথম ফোল্ডেবল ফোন হিসেবে বলা হচ্ছে। কিন্তু ফোনটি সম্পর্কে খুব একটা খবরও জানা যায়নি।
এদিকে গত ২১ নভেম্বর ইউরোপিয় ইউনিয়ন ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটের কাছে এক পেটেন্ট আবেদন করে তাদের ফোল্ডেবল ফোনের সম্ভাব্য তিনটি নামের কথা জানিয়েছে। আবেদন করা ওই তিন নাম হচ্ছে, ফ্লেক্স, ফোল্ডি এবং ডুপ্লেক্স। কিন্তু সেসব ফোনের দাম কি হবে, কী থাকবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।
Post a Comment