
বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল নেটওয়ার্ক জায়ান্ট ফেসবুককে গ্রাহকের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে নিরাপত্তা বাড়ানোর তাগিদ দিয়েছে জাপান। চলতি বছরে ফেসবুক থেকে প্রায় ৫ কোটি ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নেয়া, অ্যাকাউন্ট হ্যাক করার মতো ঘটনায় আরও সতর্ক হতে বলেছে জাপান।
সোমবার ফেসবুকের প্রতি এমন কথা উচ্চারণ করে জাপান বলেছে, ফেসবুকের উচিত হবে তার গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিতে নজরদারি আরও বাড়ানো। গ্রাহকের তথ্য বা অ্যাকাউন্ট যাতে কোনোভাবেই হুমকির সম্মুখীন না হয় সেটি নিশ্চিত করা ফেসবুকের দায়িত্ব।
বিশ্বব্যাপী যখন ফেসবুকের অন্তত তিন কোটি গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাকের শিকার হয়েছে তার ঠিক পরপরই জাপান সরকার এমন অনুরোধ করেছে মাধ্যমটির কাছে। এর আগে ক্যামব্রিজ অ্যানালিটিকার ঘটনায় আট কোটি ৭০ লাখ গ্রাহকের ব্যক্তিগত তথ্য বেহাত হয় ফেসবুকের কাছ থেকে।
জাপানের পারসোনাল ইনফরমেশন প্রোটেকশন কমিশন ক্যামব্রিজ অ্যানালিটিকার ঘটনায় ব্রিটেনের কর্তৃপক্ষের সঙ্গে তদন্তের কাজও করেছে। এবার তারই একটি বিবৃতিস্বরূপ ফেসবুকের কাছে এমন অনুরোধ করেছে জাপান। তবে জাপান সরকারের পক্ষ থেকে এমন অনুরোধ করা হলেও কোনো প্রশাসনিক, জরিমানা বা আইনি ব্যবস্থা নেয়া হয়নি। ফেসবুক অবশ্য বরাবরই বলছে, তারা গ্রাহকের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ক্যামব্রিজ অ্যানালিটিকার ঘটনায় জাপানের অন্তত এক লাখ গ্রাহকের তথ্য বেহাত হয়েছে বলে জাপান সরকার দাবি করেছে। বিষয়টি নিয়ে অবশ্য ফেসবুকের মুখপাত্র কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি।
এদিকে একটি সাইবার সিকিউরিটি কোম্পানি কিনতে চাচ্ছে ফেসবুক। এ পর্যন্ত কয়েকটি কোম্পানিকে কিনে নেয়ার প্রস্তাব দিয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্টটি।
ফেসবুকের এ প্রস্তাব সম্পর্কে অবহিত চার ব্যক্তি এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছেন, এ বছরের মধ্যেই একটি সাইবার সিকিউরিটি ফার্ম কিনে নেবে ফেসবুক। তবে এ বিষয়ে ফেসবুক আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। কয়েকটি রিপোর্ট থেকে জানা গেছে, জুকারবার্গ আসলে এমন একটি সফটওয়্যার হাতে পেতে চান যা দিয়ে হ্যাকিংয়ের প্রচেষ্টা ঠেকানো যাবে। নিরাপত্তা জোরদার করতে ও কোডিং ত্র“টি কমিয়ে আনতেই সাইবার সিকিউরিটি কোম্পানি কেনায় আগ্রহী হয়েছে ফেসবুক।
ক্যামব্রিজ অ্যানালিটিকা স্ক্যান্ডাল ও সর্বশেষ ৩ কোটি ব্যবহারকারীর অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় সাইবার সিকিউরিটির ফার্ম কেনার সিদ্ধান্ত ফেসবুকের জন্য ইতিবাচক হতে পারে।
Post a Comment