অ্যাপে যুক্ত হল অ্যাম্বুলেন্স সেবা



দেশে প্রথমবারের মতো রাইড শেয়ারিং অ্যাপে অ্যাম্বুলেন্স সেবা যুক্ত করল ইজিয়ার টেকনোলজিস। মঙ্গলবার বিকেলে রাজধানীর ফার্মগেটের কেআইবি কমপ্লেক্স কনভেনশন হলে ইজিয়ারের এই নতুন পথচলার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ যে ডিজিটাল হয়েছে তারই প্রমাণ এটি। ইজিয়ারের মাধ্যমে যে সেবা দেওয়া হবে তা সফল হবে বলে আমি আশা করছি। সবাই এই সেবা থেকে উপকার পাবেন এটিও আমার বিশ্বাস। অভিনব এমন একটি কাজে এগিয়ে যাবার জন্য ইজিয়ার টেকনোলজিস ধন্যবাদ পাওয়ার যোগ্য।

ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আলমগীর বলেন, আধুনিক সেবার সুবিধা দিতেই এই উদ্যোগ নেওয়া। বেসরকারি অ্যাম্বুলেন্সের মাধ্যমে প্রতিদিন গড়ে ৩শ’ থেকে ৪শ’ লাশ বহন করা হয়। কোনো সরকারি অ্যাম্বুলেন্স লাশ বহন করে না। সারাদেশে ১০ থেকে ১২ হাজারের মতো অ্যাম্বুলেন্স চলাচল করে। ঢাকাতেই চলাচল করে প্রায় ৪ হাজার বেসরকারি অ্যাম্বুলেন্স।

ইজিয়ার টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান বলেন, ইজিয়ার টেকনোলজিস লিমিটেড বর্তমানে অ্যাম্বুলেন্স ড্রাইভার রেজিস্ট্রেশন এবং ট্রেনিংসহ যাবতীয় কাজ সম্পন্ন করেছে। এখন থেকে অফিসিয়ালি যাত্রীরা হাতে থাকা মোবাইলে ইজিয়ার অ্যাপের মাধ্যমে দেশ জুড়ে তাৎক্ষনিক জরুরী অ্যাম্বুলেন্স সেবা গ্রহণ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আলমগীর হোসেন, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ব্যক্তিত্ব ও ইজিয়ার টেকনোলজিস লিমিটেডের কর্মকর্তারাসহ সারাদেশের অ্যাম্বুলেন্স মালিকদের প্রতিনিধিরা।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates