সম্প্রতি নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘জীবনের দিন-রাত’



সম্প্রতি নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘জীবনের দিন-রাত’। রিফাত আদনান পাপন এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজমুল রনি।
নাটকের গল্পে দেখা যাবে, জীবন বাবা-মা’র এক মাত্র সন্তান। খুব আদরে বড় হয়েছে তাই বাস্তব জ্ঞান নাই বললেই চলে। কোন দিন এক বিন্দু দ্বায়িত্বও তার ঘাড়ে পড়তে দেয়নি তার বাবা। বেশি আদরে কিছুটা বিগড়ে গেছে বললেও ভুল হবে না। পড়াশোনায় মন নেই সারাদিন বাইক নিয়ে ঘুরে বেড়ায়। কোন বাজে নেশা না থাকলেও প্রচণ্ড অলস জীবন। আর এই নিয়েই ভয়ানক ঝগড়া লেগে থাকে তার গার্লফ্রেন্ড মিতুর সাথে।
মিতু খুব তড়িৎ কর্মা, সাহসী, বাস্তববাদী আর গোছালো টাইপের মেয়ে। প্রেমের ক্ষেত্রে বুঝি এমনই হয় দু’জন দুমেরুর না হলে প্রেম জমে না। কিন্তু এদের ক্ষেত্রে জমতে গিয়ে হুট করে ফাটলই ধরে গিয়েছিল। রাগের মাথায় জীবনের কাজ কর্মে অতিষ্ঠ হয়ে সত্যি সত্যি ব্রেকআপ করে ফেলে মিতু। এবং তার ছায়াও যেন কখনো না পারায় এই কথা বলে রীতিমতো অপমান করে জীবনকে। জীবন একটু আবেগী ছেলে। প্রচণ্ড লাগে তার অপমান গুলো। কিছুটা এলোমেলো হয়ে যায় অপমান সহ্য না করতে পেরে।
তার কাছে মিতুকে হারানোর চেয়ে অপমান গুলোই অনেক ভারী মনে হয়। জীবনের উল্টাপাল্টা চলাফেরা জীবনের বাবাও সহ্য করতে পারত না। তার বাবার হার্ট এমনিতেই দুর্বল ছিল, আগে একবার ছোটখাটো স্ট্রোকও করেছিল। এবার হুট করে স্ট্রোকে মারা যায় জীবনের বাবা। অন্ধকার নেমে আসে। যে ছেলে কোন দিন বাজারে যায়নি তার কাঁধে এখন পুরো সংসারের ভার।
সময় পাল্টে দেয় জীবনের গল্পের মোড়। যে বাইক তার সারাদিনের সঙ্গী ছিল সেই বাইকই হয়ে যায় জীবিকার একমাত্র অবলম্বন। পাঠাও রাইডে সার্ভিস দিয়ে ফাঁকা সময়ে নরমাল রাইডার হিসেবে ঘুরে বেড়ায় শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। বাস্তবতায় ডুবে প্রিয়া হারানোর কষ্টও এখন আর টলাতে পারে না জীবনকে, ভাবাতে পারে না নিভৃতে।
‘জীবনের দিন-রাত’ নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেন, জীবন খুবই আহ্লাদী একটি ছেলে। জীবন নিয়ে সিরিয়াস না। জীবন যুদ্ধে সবাইকে নামতে হয়। সব সময় মাথার উপর ছাঁয়া থাকে না। একটা সময় নিজেকে ছাঁয়াটা বানাতে হয়। নাটকের ম্যাসেজ হচ্ছে এটি। সবাইকে এই সমস্যার মধ্যে দিয়েই আসতে হবে। সে যাই হোক না কেন।
নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেন শেলী আহসান, আশরাফুল আলম সোহাগ, মনির, তালহা খান প্রমুখ।
পাঠাও নিবেদিত, ফ্যাক্টর থ্রি সলিউশনস প্রযোজিত জীবনের দিন-রাত নাটকটি ১৯ অক্টোবর রাত ৯ টায় নাগরিক টিভিতে প্রচার হবে বলে পরিচালক নাজমুল রনি জানান।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates