বার্সেলোনার হতাশা বাড়াচ্ছেন আলকাসের



প্রীতি ম্যাচে ওয়েলসকে ৪-১ গোলে হারিয়েছে স্পেন
* জোড়া গোল করেছেন পাকো আলকাসের

পাকো আলকাসের নামটা বার্সেলোনার জন্য এক হতাশার নাম। ভ্যালেন্সিয়ার হয়ে দুর্দান্ত খেলা এই ফরোয়ার্ডকে লুইস সুয়ারেজের ব্যাক আপ হিসেবে এনেছিল কাতালানরা। দুই বছরে ৩৭ লিগ ম্যাচে মাত্র ৭ গোল! এ মৌসুমে তাঁকে ধারে ডর্টমুন্ডে পাঠিয়ে দিয়েছে বার্সেলোনা। সেই আলকাসের জার্মানিতে ৩ ম্যাচেই করেছেন ৬ গোল! জাতীয় দলের জার্সিতেও টেনে এনেছেন সেই ফর্ম। আলকাসেরের জোড়া গোলে ওয়েলসকে তাদের মাঠেই ৪-১ গোলে হারিয়েছে স্পেন। স্পেনের হয়ে এই প্রীতি ম্যাচে অন্য গোল দুটি দুই ডিফেন্ডার সার্জিও রামোস ও মার্ক বার্ত্রার।

বার্সেলোনা অধ্যায়টা আলকাসের পারলে ভুলে যেতে চাইবেন। একে তো নিয়মিত খেলার সুযোগ মেলেনি, তার ওপর গোল করাটায় প্রায় ভুলে গিয়েছিলেন। এ মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে শুধু বদলি নেমেই ম্যাচপ্রতি দুই গোল করেছেন। এমন ফর্ম দেখেই স্পেন দলে তাঁকে ডেকেছেন কোচ লুইস এনরিকে, দুই বছর পর। বার্সেলোনাতে থাকা পুরো সময়টা ফর্ম এমনভাবেই হারিয়েছিলেন যে স্পেন দলে আর সুযোগ মেলেনি তাঁর। সুযোগ পেয়েই ২৯ মিনিটের মধ্যে দুই গোল!

উয়েফা নেশনস কাপ শুরু হওয়াতে প্রীতি ম্যাচগুলো এখন অনেকটাই গুরুত্ব হারিয়েছে। স্পেন কোচ লুইস এনরিকে তাই কাল দল নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন। চোটের কারণে ইসকো ছিলেন না। কাল নামানো হয়নি প্রথম পছন্দের থিয়াগো, অ্যাসেনসিও, বুসকেটসরাও। এতেই সুযোগ মিলেছে রদ্রি, সুসো, মোরাতা ও আলকাসেরের। আলকাসেরের মতোই সুযোগটা পুরোপুরি কাজে লাগিয়েছেন সুসো। মিলানের এই মিডফিল্ডারের দুটো সেট পিস থেকেই হেডে গোল করেছেন রামোস ও তাঁর বদলি নামা বার্ত্রা।


মূল তারকা গ্যারেথ বেলকে বিশ্রাম দিয়েছিলেন কোচ রায়ান গিগস। ফলটা আশাব্যঞ্জক নয়। ৭৩ মিনিটের মধ্যেই ৪-০ গোলে পিছিয়ে পড়েছিল তাঁর দল। ঘরের মাঠে হাজার পঞ্চাশেক দর্শককে ৮৯ মিনিটে সান্ত্বনা দিয়েছেন স্যাম ভোকস। ডেভিড বুকসের ক্রস থেকে ভোকসের শট ঠেকাতে পারেননি ডেভিড ডি হেয়ার বদলি নামা কেপা।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates