হোয়াটসঅ্যাপ গ্রুপ-অ্যাডমিনদের জন্য সাবধানবাণী



১৫ অক্টোবরের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনদের রেজিস্টার করতে হবে নাম— এই মর্মে এক মেসেজ গত ক’দিনে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

হাতে আর মাত্র ১ দিন। ১৫ অক্টোবরের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনদের রেজিস্টার করতে হবে নাম— ভারত সরকারের নাম করে এই মর্মে এক মেসেজ গত ক’দিনে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তারই দাপটে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের বিভিন্ন গ্রুপের অ্যাডমিনরা গ্রুপের ঝাঁপ নামাচ্ছেন তড়িঘড়ি।


এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরে প্রকাশ, ওই মেসেজে বলা হয়েছে যে, ১৫ অক্টোবর, ২০১৮ তারিখের মধ্যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনদের ডিস্ট্রিক্ট কালেক্টরের দফতরে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। রেজিস্ট্রেশনের পরে গ্রুপ চালু রাখার জন্য অ্যাডমিনদের মাসিক ফি দিতে হবে।

সারা দেশে এই মেসেজ ঘোরাফেরা করলেও, সব থেকে বেশি চালাচালি হয়েছে মধ্যপ্রদেশে। সেখানে এই মেসেজের সঙ্গে এমন কথাও বলা হয়েছে যে, দেশজুড়ে ফেক নিউজের তাণ্ডব রুখতেই নাকি এই সাবধানতা।

সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে বিস্তর তর্ক-বিতর্ক চালু হয় যে, এটি কোনও ‘ফেক নিউজ’ নয়তো! শেষ পর্যন্ত জানা যায় ভিন্ডের ডিস্ট্রিক্ট কালেক্টর আশিস কুমার প্রথম এই মেসেজটি করেন। সেখানে বলা হয়, সেই জেলার মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে যাঁরা হোয়াটসঅ্যাপ গ্রুপ চালান, তাঁদেরকেই নাম নথিভুক্ত করতে বলা হচ্ছে। সাধারণ মানুষের এর সঙ্গে কোনও সম্পর্ক নেই।

কিন্তু শেষ পর্যন্ত যা দাঁড়ায়, তা ভয়াবহ। এই মেসেজ সারা দেশে ছড়িয়ে পড়ে। তার উপরে অনেক রকম কলমবাজি চলতে থাকে। শেষমেশ তা হয়ে দাঁড়ায় এক সামূহিক সাবধানবাণী। পরে আশিস কুমার এক নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি খোলসা করে বলেন। কিন্তু ততক্ষণে তাঁর মেসেজ গুজবের আকার নিয়ে ফেলেছে। 

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates