আজ আপনার ছাদ থেকেই দেখা যাবে উইর্টানেন ধূমকেতু



জ্যোতির্বিজ্ঞানী কার্ল উইর্টানেন এই ধূমকেতু আবিষ্কার করেন ১৯৪৮ সালে। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এর সময় লাগে সাড়ে পাঁচ বছর।

খালি চোখে সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু দেখতে চান? তাহলে আজ সন্ধ্যের আকাশে চোখ রাখুন। মিলবে নীল সবজে রঙের ধূমকেতুর দেখা। নাসা জানিয়েছে, ৭০ বছর পর পৃথিবীর এত কাছে এসেছে এই উজ্জ্বল ধূমকেতু। নাম ‘৪৬পি/ উইর্টানেন’। পৃথিবী থেকে ১১.৪ মিলিয়ান কিলোমিটার দূরে থাকবে আজ। যা পৃথিবী ও চাঁদের দূরত্বের ৩০ গুণ।

ধূমকেতুটি ইতিমধ্যে টেলিস্কোপের মাধ্যমে দৃশ্যমান হয়েছে। খালি চোখে আজ দেখা গেলেও বাইনোকুলার বা টেলিস্কোপ থাকলে অবশ্যই আপনার কাছে আরও স্পষ্ট হবে উজ্জ্বল ‘৪৬পি/ উইর্টানেন’।

ক্যালিফোর্নিয়াতে নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির এক অন্যতম বিজ্ঞানী বলেন, “এটি পৃথিবীর সবচেয়ে কাছের ধূমকেতু। কয়েক শতাব্দী ধরে পৃথিবীর দিকে একটু একটু করে এগিয়ে আসছে। এত বছরের মধ্যে এটি আমাদের দেখা উজ্জ্বলতম ধূমকেতুগুলির মধ্যে একটি।”

জ্যোতির্বিজ্ঞানী কার্ল উইর্টানেন এই ধূমকেতু আবিষ্কার করেন ১৯৪৮ সালে। সব ধূমকেতুর মতোই এটিও সূর্যকে কেন্দ্র করে নিজের কক্ষপথে ঘুরে চলেছে। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এর সময় লাগে সাড়ে পাঁচ বছর। আজ পৃথিবীর সবচেয়ে কাছে থেকে দেখা যাবে এই ধূমকেতুকে। যার জেরে উজ্জ্বল দেখাবে তাকে। এই শতাব্দীতে আর কখনও পৃথিবীর এত কাছে আসবে না ধূমকেতুটি, এমনটাই জানিয়েছে নাসা। তাই এই সুযোগ হাতছাড়া করবেন না। বিজ্ঞানীরা জানিয়েছেন, আকাশে মেঘ না থাকলে সব দেশ থেকেই সহজেই দেখা যাবে এই ধূমকেতুকে।
Source: indianexpress

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates