সেরা নেক্সট ইউটিউবার নাজিব ও প্রিয়ম



ইউটিউব ভিডিও নির্মাণকারী দেশীয় প্রতিভার খোঁজে ‘বাংলালিংক নেক্সট টিউবার’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরের গ্র্যান্ড ফিনালেতে প্রতিযোগিতাটির বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা গ্র্যান্ড ফিনালেতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে বিজয়ীদের নাম ঘোষণা করেন। এছাড়াও বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, চিফ কমপ্লায়েন্স অফিসার মো. নুরুল আলম, এবিসি রেডিওর হেড অব অপারেশন এহসানুল হক টিটো, এনটিভির হেড অব প্রোগ্রাম মুস্তাফা কামাল সৈয়দ, বঙ্গ-এর ম্যানেজিং ডিরেক্টর আহাদ মোহাম্মদ এবং প্রতিষ্ঠানগুলোর অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা।

প্রতিযোগিতাটির প্রতিটি পর্যায়ে ভিডিও কনটেন্ট নির্মাণের অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে প্রথম স্থান অর্জন করেন নাজিব নিনাদ ও প্রিয়ম। পুরস্কার হিসেবে তারা পাচ্ছেন বাংলালিংকের ৩ লাখ টাকা মূল্যের চুক্তিসহ গুগলের সিঙ্গাপুর হেড কোয়ার্টার পরিদর্শনের সুযোগ। প্রথম ও দ্বিতীয় রানার-আপ মারিশা রহমান ও জারিফ কবির পাচ্ছেন বাংলালিংকের সঙ্গে যথাক্রমে ২ ও ১ লাখ টাকা মূল্যের চুক্তির সুযোগ। এছাড়া বিজয়ীরা ভিডিও কনটেন্ট নির্মাণের ক্ষেত্রে বাংলালিংক ও বঙ্গ-এর পক্ষ থেকে পাবেন বিশেষ সহযোগিতা। গ্র্যান্ড ফিনালেটি আগামী ২৮ ডিসেম্বর রাত ৯.০৫টায় সম্প্রচারিত হবে এনটিভির পর্দায়।

অভিনেতা ইরেশ জাকের, চিত্রনায়িকা পূর্ণিমা ও ইউটিউব সেলিব্রেটি তামিম মৃধা ও শৌভিক আহমেদ এবারের আসরের বিচারকের দায়িত্ব পালন করেন।

বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, ‘একটি অভিনব ডিজিটাল উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে আমরা নেক্সট টিউবার শুরু করেছিলাম। প্রতিভাবান এই তরুণরা প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে আমাদের সেই লক্ষ্য পূরণে ভূমিকা রেখেছে। আমরা আশা করি, এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তারা যে অভিজ্ঞতা অর্জন করেছে তা তাদের ভবিষ্যতের তারকা হওয়ার স্বপ্ন পূরণে সাহায্য করবে।’

দেশের ভিডিও কন্টেন্ট নির্মাতাদের জন্য একটি অভিনব ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে চালু হওয়া এই রিয়েলিটি শো-এর প্রথম আসর দেশব্যাপী তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়। গত সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে বাংলালিংক নেক্সট টিউবার-এর দ্বিতীয় আসর শুরু হওয়ার পর হাজারো উৎসাহী ভিডিও কনটেন্ট নির্মাতা ভিডিও সাবমিট করার মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
তথ্য সুত্র: রাইজিংবিডি

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates